জটমুক্ত রাখতে বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত সড়ক থেকে ভ্রাম্যমাণ হকার এবং সব ধরনের যানবাহন সরিয়ে নেওয়ার বিশেষ অভিযানে নেমেছে মহানগর পুলিশ।
আজ রোববার শুরু হচ্ছে মাসব্যাপী এ অভিযান। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার এসব এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির কথা ভেবে আমরা প্রাথমিকভাবে এই সড়কটি যানজটমুক্ত রাখার বিশেষ অভিযানে নেমেছি। এরপর অন্যান্য সড়ক যানজটমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।’
জানা যায়, বিশেষ এই অভিযানের তদারকিতে পুলিশের অপরাধ দমন বিভাগ (ক্রাইম ডিভিশন) ও ট্রাফিক বিভাগের (যানবাহন বিভাগ) সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
মাসব্যাপী অভিযান শেষে একটি পর্যালোচনা বৈঠকে বসবে মহানগর পুলিশ বিভাগ। এই অভিযানের কার্যকারিতার ওপর নগরের অন্যান্য এলাকা যানজটমুক্ত করতে এ ধরনের কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযানের বিষয় নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা হয়। আগামী সপ্তাহে বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গেও একই বিষয়ে আলোচনার কথা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি এবং সম্মিলিত হকার্স ফেডারেশনের সহসভাপতি মো. শাহ আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘দেওয়ানহাট থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত ভিআইপি সড়কটি যানজটমুক্ত রাখার ব্যাপারে আমরা একমত হয়েছি।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) যাতায়াতের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়কে যানজট লেগেই থাকে। এ কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন। রাস্তার ওপরে ভ্রাম্যমাণ হকার, নিষিদ্ধ ইজিবাইক, ট্রাক, লরি, টেম্পোর অবস্থান এখানকার নিত্যদিনের দৃশ্য।
এই সড়ক যানজটমুক্ত রাখতে মহানগর পুলিশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে: দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত রাস্তায় কোনো হকার, ভ্যানগাড়ি বা অন্য কোনো গাড়ি দাঁড়াবে না, কোনো মালামাল রাখা যাবে না। ইপিজেড মোড় এলাকায় পোশাকশ্রমিকদের বহনকারী কোনো বাস, মিনিবাস রাস্তার ওপর অপেক্ষমাণ থাকবে না এবং দূরপাল্লার বাসযাত্রী ওঠানামার জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি সময় ইপিজেড মোড় থেকে বন্দরটিলা, সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করবে না।