জটিল প্রসূতি চিকিৎসা সেবা বন্ধ সাত বছর
অবেদনবিদ না থাকায় সাত বছর ধরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল প্রসূতি চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে চিকিৎসকসংকটও রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৬ সাল থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবেদনবিদ নেই। তাই জটিল প্রসূতি রোগীর চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। সূত্র জানায়, হাসপাতালে রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ। রয়েছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। কিন্তু ব্যবহার না থাকায় অনেক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার এ হাসপাতালে আটজন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন। তাঁদের মধ্যে একজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত। দীর্ঘদিন ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ। হৃদ্রোগ ও চর্মরোগ বিশেষজ্ঞ সংযুক্তিতে দীর্ঘদিন ধরে অন্যত্র কর্মরত। এ ছাড়া ১৬ জন নার্স থাকার কথা থাকলেও আছেন মাত্র নয়জন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান বলেন, সমন্বয় সভায় আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ২০০৬ সাল থেকে জটিল প্রসূতি চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। অবেদনবিদ পাওয়া গেলে এ কার্যক্রম আবার শুরু করা যাবে। তিনি জানান, চিকিৎসকসংকটের বিষয়টি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান বলেন, শিগগিরই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।