জটিল বিষয় সাবলীলভাবে উপস্থাপনের ক্ষমতা ছিল শাকিলের: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী । ছবি: ফোকাস বাংলা
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী । ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে স্মরণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি নিঃসন্দেহে বলতে পারি, জটিল বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে তা আত্মস্থ করে সাবলীলভাবে তা লেখার ক্ষেত্রে তাঁর অসাধারণ ক্ষমতা ছিল।’ 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মুহিত এসব কথা বলেন। মাহবুবুল হক শাকিলের কর্মজীবনের সহকর্মী, বন্ধুবান্ধবেরা ‘সুহৃদজন’ নামে একটি সংগঠনের নামে এই স্মরণসভার আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
মাহবুবুল হক শাকিলের স্মৃতিচারণা করে আবুল মাল আবদুল মুহিত বলেন, শাকিলকে কঠিন কোনো বিষয় একটু বুঝিয়ে বললেই তিনি তা আত্মস্থ করে নিতেন এবং তা সুন্দর করে লিখে হাজির করতেন। শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতেন। সে জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ ও অপছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝতেন। তিনি তাঁর কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করে রাখতেন। শাকিল রাজনৈতিক বিষয়াবলি অনুধাবন করে তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শাকিলের স্মৃতিচারণা করে বলেন, শাকিল জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শের একজন কর্মী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াসঙ্গী ছিলেন। সাহস ও লেখনী দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করেছেন শাকিল। একাত্তরের ঘাতকদের বিচার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এ অসাধ্যসাধনের পেছনে যে ছোট ছোট অবদান রয়েছে, তার মধ্যে শাকিল একজন। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে তিনি চলে গেলেন। সামনে অনেক লড়াই রয়েছে। তিনি বেঁচে থাকলে এ লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, কবি অসীম সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ। সভা পরিচালনা করেন কামাল পাশা চৌধুরী।