জটিলতা নিরসনে দুদক আইন সংশোধন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা কে গ্রহণ করবে, সে-সংক্রান্ত জটিলতা ও ভুল বোঝাবুঝি নিরসনে দুদক আইনের সংশোধন প্রয়োজন।
দেশব্যাপী ‘দুর্নীতিবিরোধী উদ্বুদ্ধকরণ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান এ কথা বলেন।
বদিউজ্জামান বলেন, ‘দুদক অত্যন্ত শক্তিশালী ও সম্পূর্ণ স্বাধীন। আমাদের ওপর সরকারের কোনো চাপ নেই। চাপ এলে আইন মোতাবেকই কাজ করব। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ওপর আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হতে যাচ্ছিল, সেটা উচ্চ আদালত খারিজ করে দিয়েছেন।’
সাবেক ও বর্তমান কিছু সাংসদ ও মন্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বদিউজ্জামান বলেন, ওই অভিযোগগুলোর কিছু কিছু অনুসন্ধান শেষ হয়েছে। কিছু অসংগতি পাওয়ায় অভিযুক্তদের জবাব দিতে চিঠি দেওয়া হয়েছে। নির্দিষ্ট ফরমে তাঁরা জবাব দাখিল করবেন। সেগুলো তদন্ত করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে।
বর্তমানে আলোচিত জাল-জালিয়াতি ও প্রতারণার ব্যাপারে জানতে চাইলে দুদকের ভূমিকার ব্যাপারে বদিউজ্জামান বলেন, এ নিয়ে একটা ভুল বোঝাবুঝি রয়েছে। পুলিশ প্রতারণার ক্ষেত্রে সব সময়ই মামলা-অভিযোগ নিতে পারে। কিন্তু মামলা নিয়ে দুর্নীতি পেলে তা দুদকে পাঠাতে পারে। এ ক্ষেত্রে আইনের হয়তো কিছুটা ব্যাখ্যা প্রয়োজন পড়বে। ব্যাখ্যাটা হয়ে গেলে ভুল বোঝাবুঝি চলে যাবে।
বদিউজ্জামান বলেন, যেখানে সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত রয়েছেন, সেখানেই দুদক হস্তক্ষেপ করবে। তবে ব্যক্তিবিশেষের প্রতারণার ব্যাপারে দুদক কিছু বলবে না।
পরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় যোগ দেন।