
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা থেকে নিউইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত রোববার এক জনাকীর্ণ নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন প্রধানমন্ত্রী। ম্যানহাটনের হিলটন হোটেলে তাঁর এই নাগরিক সংবর্ধনার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বানে হোটেলের বাইরে সরকারবিরোধী একটি বিক্ষোভের আয়োজন করা হয়। ‘মুসলিম উম্মাহ’ নামের আড়ালে জামায়াতে ইসলামীর কিছু সমর্থক এই বিক্ষোভে অংশ নেয় এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা দীর্ঘদিন থেকে নিউইয়র্ক পর্যন্ত বাংলাদেশ বিমানের সার্ভিস চালুর দাবি করে আসছে। তাঁর সরকার এ ব্যাপারে চেষ্টা অব্যাহত রেখেছে। ফ্লাইট চালুর ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা আছে জানিয়ে তিনি বলেন, এসব জটিলতার সমাধান হলেই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে। শেখ হাসিনা বলেন, ‘আমার নিজেরই ভালো লাগবে, যদি আমি নিজের বিমানে করে এখানে নামতে পারি।’ বাংলাদেশ বিমানের বহর বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, চলতি বছরেই আরও ছয়টি নতুন বিমান সংগৃহীত হবে। আগামী বছরে আসবে আরও দুটি।
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, যেকোনো হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তা শেষ করা হবে বলেও তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন আর অভাব ও হাহাকারের দেশ নয়। দেশ বিশ্বসভায় মর্যাদার স্থান অর্জন করেছে। এই অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
আধা ঘণ্টা স্থায়ী ভাষণে প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়ন তৎপরতার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, তাঁর সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে উত্তরণের প্রথম ধাপে পা রেখেছে। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। শেখ হাসিনা তাঁর শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বিদ্যুৎসহ বাংলাদেশ যেসব ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, তার বিস্তারিত বিবরণ দেন। বাংলাদেশের প্রতিটি ডাকঘর ডিজিটালাইজ করা হচ্ছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্ব দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, তা চায় না। শেখ হাসিনা বলেন, বিএনপির আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়। কারণ, সেটা হলে বিদেশি সাহায্য আসবে না। এর অর্থ, বাংলাদেশ সারা জীবন ভিক্ষার ঝুলি নিয়ে বেড়াবে, নিজের পায়ে দাঁড়াবে না, এটাই ছিল বিএনপির নীতি।
সংবর্ধনা অনুষ্ঠানে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, লাঞ্ছিত মানবতা’ শীর্ষক ভিডিওচিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। তবে বিভিন্ন উপদলে বিভক্ত দলটির কোনো কোনো নেতা উপস্থিত দলীয় কর্মীদের বিদ্রূপাত্মক স্লোগানের মুখে বক্তৃতা দিতে ব্যর্থ হন অথবা বক্তৃতা শেষ না করেই মঞ্চ ত্যাগ করেন।