জটে আটকা পড়লেন যোগাযোগমন্ত্রীও!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের সীতাকুণ্ড অংশে দুটি সেতু উদ্বোধন করতে এসে খোদ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজটে আটকা পড়েছিলেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। তবে কয়েক মিনিট পরে মন্ত্রীর গাড়িবহর যানজটের কবল থেকে মুক্ত হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ডের এই অংশে প্রায়ই যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।|
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার আউলিয়া সেতু উদ্বোধন শেষ করে ভাটিয়ারি ইউনিয়নের ধামাইরখাল সেতু উদ্বোধন করতে যাচ্ছিলেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রীর গাড়িবহর শীতলপুর বগুলা বাজার পার হওয়ার পরই যানজটে পড়ে। সেখানে অন্তত পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হয় তাঁর গাড়িবহরকে। পরে পুলিশের ব্যাপক তত্পরতায় যানজটের কবল থেকে মুক্ত হন তিনি। মন্ত্রীর গাড়িবহরের সামনে থাকা চট্টগ্রামমুখী একটি বড় গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ধামাইরখাল সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় যানজটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এক মিনিট আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। আপনারা যদি ছবি তুলে বলেন যে মন্ত্রী দীর্ঘ যানজটে আটকে আছে। এটা তো সুবিচার হলো না। এটা বাস্তবসম্মতও নয়। এটাই মাঝে মাঝে হয়। দেখি, কষ্ট পাই কিছু বলি না। বলার তো কিছু নেই।’
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘চলন্ত অবস্থায় একটি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। যানজট সৃষ্টি হতে না-হতেই খুব অল্পসময়ের মধ্যে পুনরায় স্টার্ট নেয়। পরে যানজট মুক্ত হয়।’