ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জটে আটকে থাকা যানবাহনে গতকাল মঙ্গলবার ভোরে গণছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পোষ্টকামুরী সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহাসড়কের বোর্ডঘর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহত হওয়ার ঘটনা না ঘটলেও ট্রাক দুটি সড়কের ওপর থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়। ফলে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের শুভুল্যা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। গতকাল ভোরে মহাসড়কের পোষ্টকামুরী এলাকায় জটে আটকে থাকা যানবাহনের চালক ও সহকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
চট্টগ্রামগামী গরুবোঝাই একটি ট্রাকের চালকের সহকারী নাছির আহমেদ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে পোষ্টকামুরী এলাকায় চার থেকে পাঁচজন যুবক অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের পিকআপ ভ্যানের চালক মামুন মিয়া বলেন, তিনি বাসাইল বাজারের অ্যালুমিনিয়াম-সামগ্রীর ব্যবসায়ী শফিকুল ইসলামকে নিয়ে ঢাকায় মালপত্র কিনতে যাচ্ছিলেন। পথে যানজটে আটকা পড়েন। এ সময় পাঁচ যুবক প্রথমে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন। তাঁরা শফিকুলের কাছ থেকে আরও ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে এক ছিনতাইকারীর হাত কেটে যায়।
ঢাকাগামী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির পিকআপ-ভ্যানের চালক রুহুল আমীন বলেন, ডাকাতেরা তাঁর কাছ থেকেও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে।
মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারি বলেন, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে জট অব্যাহত থাকে। এ সময় পুলিশ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে বেশি তৎপর ছিল। এ সুযোগে ছিনতাই হয়েছে। তবে কেউ অভিযোগ দেননি। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে।