জঠরে গুলিবিদ্ধ শিশুটিকে রক্ত দেওয়া হয়েছে
মাগুরার গুলিবিদ্ধ শিশুটিকে আজ শনিবার রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, শিশুটির রক্তে প্লাটিলেটের পরিমাণ স্থিতিশীল থাকছে না। কখনো বাড়ছে, কখনো কমছে।
ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘শিশুটি সুস্থ হয়ে উঠছে বলতে পারলে সবাই স্বস্তি পেতেন। কিন্তু এই অল্প ওজনের অপরিণত গুলিবিদ্ধ শিশুটির ক্ষেত্রে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। শুক্রবার শিশুটিকে ৩০ ফোঁটা দুধ খাওয়ানো হয়েছিল। আজ তাকে ৫০ ফোঁটা খাওয়ানো হয়েছে। তবে রক্তে প্লাটিলেটের মাত্রা কখন ৪০ হাজারে নামছে। এটি বাড়লে এবং স্থিতিশীল হলে ভালো হতো।’
আজ শিশুটির জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরিসর বাড়ানো হয়েছে। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান আবদুল মান্নানকে যুক্ত করা হয়েছে। দশ সদস্যের এই বোর্ডে শিশু সার্জারি ও নবজাতক বিভাগের বাইরেও অস্থি, চক্ষু, হৃদ্রোগ, বক্ষব্যাধি বিভাগের বিশেষজ্ঞরা আছেন।
এ দিকে শিশুটির সঙ্গে শারীরিক অসুস্থতার জন্য মা নাজমা বেগম দেখা করতে পারেননি। তবে বাবা বাচ্চু ভূঁইয়া মেয়েকে দেখেছেন। তিনি বলেন, ‘প্রথমদিন তো বেহুঁশের মতো পড়েছিল। আজ সামান্য একটু ভালো মনে হলো।’
গত ২৩ জুলাই ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাজমা বেগম। জরুরি অস্ত্রোপচারের মাগুরা সদর হাসপাতালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনায় মায়ের পেটে থাকা শিশুটির পিঠে গুলি লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। সংকটাপন্ন অবস্থায় গত রোববার ভোর সাড়ে চারটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: