জঠরে গুলিবিদ্ধ হওয়া নাজমার জবানবন্দি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে জঠরে গুলিবিদ্ধ হওয়া নাজমা খাতুনের (৩৫) জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আজ রোববার বিকেলে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম তাঁর খাস কামরায় ওই জবানবন্দি রেকর্ড করেন। 

জবানবন্দিতে নাজমা খাতুন ওই ঘটনায় মুহম্মদ আলী ও মেহেদী হাসান আজিবরসহ জড়িতদের সম্পর্কে তথ্য দিয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্র নিশ্চিত করেছেন।

মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত ২৩ জুলাই বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা খাতুন বুলেটবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। বুলেট পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরে যায়। গোলাগুলির ওই ঘটনায় গুলি ও বোমার আঘাতে আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) মারা যান। নিহত মমিন ভূঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।

ওই ঘটনায় গত ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক। আলোচিত এ মামলাটি তদন্ত করেছে মাগুরা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ ও র‍্যাব এ পর্যন্ত মামলার এগারো আসামিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুজন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তার হওয়ার পর মামলার আসামি মেহেদী হাসান আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক আজ বিকেলে নাজমা খাতুনের ওই জবানবন্দি রেকর্ডের কথা নিশ্চিত করেছেন।

ওই ঘটনায় ছাত্রলীগের বিবাদমান ওই দুই পক্ষের এক পক্ষের নেতৃত্বে দেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা বাকি ইমামের ভাই কামরুল ভূঁইয়া এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ ও সাবেক ছাত্রলীগ কর্মী মুহম্মদ আলী। ছাত্রলীগের এ দুই পক্ষই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের অনুসারী। শিখরের দুই ভাই দুই পক্ষকে পরিচালনা করতেন বলে পুলিশ ও ঘটনার সঙ্গে জড়িতরা নিশ্চিত করেন।