জড়িত আ.লীগ নেতা ও প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে অন্তত ছয়টি ছোট-বড় জলাশয় ভরাট চলছে। আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালীরা এসব ভরাটের সঙ্গে যুক্ত। ভরাট করে কোনোটিতে বিপণিবিতান, কোনোটিতে আবাসিক ভবন আবার কোনোটিতে মসজিদ করা হচ্ছে।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে দেড় একর আয়তনের গঙ্গাধার নামে একটি দিঘি রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজিসহ কয়েকজন এই জলাশয় ভরাট করে বিপণিকেন্দ্র নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।

বাড়বকুণ্ডে জ্বালাময়ী তীর্থ কালীবাড়ির মালিকানাধীন (অর্পিত সম্পত্তি) গঙ্গাধার নামে দিঘিটি প্রায় ৫০০ বছরের পুরোনো বলে জানা গেছে। ইতিমধ্যে মার্কেটের অবকাঠামো নির্মিত হয়ে গেছে। তীর্থ কালীবাড়ির সেবায়েত স্মৃতি লতা ভারতী বলেন, কিছু প্রভাবশালী ১ দশমিক ৬৯ একর পুকুরের কিছু অংশ কিনেছেন দাবি করে প্রভাব খাটিয়ে দখল করে মার্কেট নির্মাণ করছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, ‘পুকুরটি বহু বছর আগে আমার বাপ-চাচারা কিনেছিলেন। সে জায়গায় মার্কেট করছি।’ কোনো প্রকার অনুমতি না নিয়ে তিনি এই জলাশয় ভরাট করেছেন বলে চেয়ারম্যান জানান।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন বলেন, ‘বিষয়টি শুনেছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া সীতাকুণ্ডের পৌর সদরের দাশপাড়ায় ৯৬ শতক আয়তনের অপর একটি পুকুর ভরাট করে কেজি স্কুল ও দোকান নির্মাণকাজ চলছে। রেজাউল করিমসহ স্থানীয় চার ব্যক্তি দুই মাস ধরে এ নির্মাণকাজ চালাচ্ছেন।

এ বিষয়ে রেজাউল বলেন, ‘পুকুরের আমাদের অংশ আংশিক ভরাট করে আমার বাবার নামে একটি স্কুল করছি। এ জন্য কোনো দপ্তরের অনুমোদন নিইনি।’ এ ছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভারব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে একটি পুকুর ভরাট করে ঘর নির্মাণ করছেন মহিবুল্লাহ নামের স্থানীয় এক ব্যক্তি। পুকুরটির আরেক মালিক রেজাউল করিম ঘর তুলতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে মামলা চলছে।

সরেজমিনে দেখা যায়, পুকুরটির দক্ষিণ পারে ভেতরের কিছু অংশ দখল করে নির্মাণ করা দেয়াল করা হয়েছে।

নগরে তিন পুকুর ভরাট: চট্টগ্রাম নগরের সরাইপাড়ায় কাছাকাছি স্থানে তিনটি পুকুর ভরাট চলছে। সরাইপাড়া আবদুল লতিফ সড়কে একটি পুকুর ভরাট করে ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে একটি চায়ের দোকান। পূর্ব পারের ওই দোকানের মালিক আবুল কালাম। এ ছাড়া পশ্চিম পারেও চলছে ভরাটকাজ। আবুল কালাম, সাদেক ও মনু নামে তিনজন ২১ শতক আয়তনের এই পুকুর ভরাট করছে। জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘আমার এই দোকান অনেক আগে করা হয়েছে।’

সরাইপাড়া হাজী আশ্রাফ আলী সড়কে আরও একটি পুকুর ভরাট করে নির্মিত হচ্ছে একটি মসজিদ। মসজিদে বায়তুল জান্নাত নামের এই স্থাপনা প্রাথমিকভাবে দোতলা করা হচ্ছে। ইতিমধ্যে ১২ শতক আয়তনের পুকুরটির পানি সেচ করে মসজিদের কাঠামো নির্মিত হয়েছে। জানতে চাইলে মসজিদের মোতোয়ালি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা পুকুর ভরাট করব না। পুকুরের পানির ওপর মসজিদটি করছি। এ জন্য কোনো অনুমতি নিইনি।’

একই সড়কে ১২ শতক আয়তনের আরেকটি পুকুরের দুই পাশে বেড়ার ঘর ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। আস্তে আস্তে ইট, বালু ফেলে এই পুকুরও ভরাট করা হচ্ছে। একইভাবে নগরের ঐতিহ্যবাহী আসকারদিঘিও কৌশলে ভরাট চলছে। জলাশয় ভরাট সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘সীতাকুণ্ডে তিনটি পুকুর ভরাটের বিষয়ে আমরা জেনেছি। তাদের আমরা মৌখিকভাবে বলেছি বন্ধ করতে। এ ছাড়া লিখিত নোটিশও প্রক্রিয়াধীন। এ ছাড়া নগরের সরাইপাড়ায় আমাদের লোক গিয়ে পুকুর ভরাটের বিষয়টি দেখে এসেছেন। তাঁদেরও নোটিশ দেওয়া হয়েছে।’

 জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘পুকুর ভরাট সম্পর্কে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিই। তদন্ত করে সত্যতা মিললে যারা ভরাটে জড়িত, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’