জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) তাঁকে গ্রেপ্তার করে। আবুল হোসেনের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার উকিলপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের তাঁতীপাড়ার একটি বাসার কক্ষ থেকে গত ২৯ আগস্ট মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি জামালগঞ্জের সংবাদপুরে। তিনি সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ওয়ার্ল্ড কমিউনিকেশন নামের একটি ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই ব্যবসার সূত্রেই প্রায় পাঁচ বছর ধরে তিনি তাঁতীপাড়ার একটি বাসায় বাস করতেন। হত্যাকাণ্ডের পরদিন মাজহারুলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। আবুল হোসেনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, আবুল হোসেন ঘটনার দিন রাতে মাজহারুলের বাসায় ‘গেস্ট’ হিসেবে যান। মাজহারুলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। টাকার জন্য মাজহারুলকে তিনিই খুন করেছেন বলে আবুল হোসেন র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আবুল হোসেন র‌্যাবকে জানান, মাজহারুলের কাছে অর্থ রয়েছে—এ ধারণা নিয়ে তিনি ওই দিন রাতে আবুল হোসেনের কক্ষে রাত যাপন করতে যান। ভোর চারটার দিকে মাজহারুল ঘুমিয়ে পড়লে একটি হাতুড়ি দিয়ে আবুল হোসেন তাঁর মাথায় উপুর্যপুরি আঘাত করেন। পরে ছুরি দিয়ে আরও কয়েকটি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। মাজহারুলের কক্ষে অর্থ থাকার কথা থাকলেও তিনি ওই সময় কোনো টাকা পাননি। পরে মাজহারুলের ব্যবহূত দুটি মুঠোফোন নিয়ে ওই দিন ভোরে তিনি ঢাকায় যান। পরে নেত্রকোনা হয়ে গতকাল সিলেট নগরের বন্দরবাজার এলাকায় পৌঁছালে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে।