নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশার হত্যার দায় স্বীকার করে গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালতে বাশারের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান এ তথ্য জানান।
গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
কৌঁসুলি ফজলুর রহমান জানান, সাত খুনের ঘটনায় ইতিমধ্যে কয়েকজন আসামি আদালতে তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সঙ্গে নূর হোসেনের সহযোগী আবুল বাশারের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা বলেছেন। এখন বাশার নিজেই ওই খুনের সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করলেন। সাত খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়, তারও বর্ণনা দেন বাশার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহৃত হন। ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে একজনের বস্তাবন্দী লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে। লাশ উদ্ধারের আগেই নূর হোসেন আত্মগোপন করেন। পরে পালিয়ে ভারতে চলে যান।