জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত বিজয় দাশ হত্যা
অনন্ত বিজয় দাশ হত্যা

সিলেটের বিজ্ঞানমনস্ক লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল শুক্রবার ভোরে তাঁদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রামের মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ এ এম নোমান (২১)। এঁরা সম্পর্কে আপন ভাই। মান্নান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র এবং নোমান কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ী মাদ্রাসার সাবেক ছাত্র।
মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গতকাল শুক্রবার রাত নয়টায় এক সংবাদ সম্মেলনে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গতকালই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ বলেছে, মান্নান ও মোহাইমিনকে গতকাল ভোরের দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডি মনে করছে, তাঁরা ‘উগ্র মতাদর্শে বিশ্বাসী’ কোনো সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত থেকে থাকতে পারে।
সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী জানান, হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সিলেটের মহানগর হাকিম আদালতে দুজনের জন্য ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুই যুবক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, সেটি আমরা তদন্ত করে দেখছি। মামলার স্বার্থে এখনো এ ব্যাপারে কিছু মন্তব্য করা যাবে না। তবে মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত এর অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে। এ মামলায় ঢাকায় জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার কিছুক্ষণ পর টুইট বার্তার মাধ্যমে এর দায় স্বীকার করে আনসারউল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন। এ ঘটনায় অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৭ জুন দৈনিক সংবাদ ও সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর আলোকচিত্রী ইদ্রিস আলীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁকে রিমান্ডে নিয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি।