জড়িত সন্দেহে জেএমবির আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার রাতে আরও একজনকে আটক করা হয়েছে। খয়বর হোসেন (৩৪) নামের ওই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির পীরগাছা ইউনিটের কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খয়বর হোসেনের বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হাতীবান্ধা গ্রামে। তিনি উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম সুন্দর খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ওসি আরও বলেন, পীরগাছা-কাউনিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী খয়বরকে গ্রেপ্তার করা হয়। তিনি জাপানি নাগরিক কুনিও হত্যা ও কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, খয়বরকে সন্দেহ করা হলেও এখনো এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে গ্রেপ্তারের সময় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় যে মামলা করা হয়েছিল সেই মামলায় খয়বরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে কুনিও হত্যা মামলায় ৭ ডিসেম্বর গ্রেপ্তার হন জেএমবির আরেক সদস্য এছহাক আলী। পরদিন তাঁকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কাউনিয়া থানার পুলিশ।
এর আগে গত ৩ নভেম্বর পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় জেএমবির পীরগাছা-কাউনিয়া উপজেলার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে। গত সোমবার মাসুদ কাউনিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুনিও হোশি হত্যার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তিতে এছহাক ও খয়বরের নাম এসেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মাসুদ রানা ও এছহাক আলী ছাড়াও কুনিও হত্যার সঙ্গে এর আগে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। এঁরা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরা, মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব, মহানগর যুবদলের সদস্য রংপুর শহরের শাহীপাড়ার রাজিব হাসান ওরফে মেরিল সুমন (২৮), শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (৩২)।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এর পরের মাসে ১০ নভেম্বর খুন হন কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলী।