জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা; আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, কবি ও ব্লগার রণদীপম বসু এবং কবি ও প্রকৌশলী তারেক রহিমকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।
প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
নারায়ণগঞ্জ: বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, সেদিন বেশি দূরে নেই, যেদিন এর প্রতিকার চেয়ে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে। বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়া: শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশের ছাত্র ইউনিয়ন। যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ থেকে লেখক-প্রকাশকদের হত্যা বন্ধে সরকারের ‘ব্যর্থতার’ কঠোর নিন্দা জানানো হয়। একই সঙ্গে লেখক-ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শহরের সাতমাথায় অনুষ্ঠিত মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা কমিটির সভাপতি কিবরিয়া হোসেন। বক্তারা বলেন, সরকারের নীরবতাই প্রমাণ করে যে এর পেছনে মদদ আছে তাদের। সরকারকে হয় খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে তারা মদদদাতা নয়; নয়তো তাদের পদত্যাগ করতে হবে।
মানিকগঞ্জ: বিকেলে জেলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে উদীচী, গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটি, খেলাঘর, উত্তরণ ও প্রথম আলো বন্ধুসভা। মিছিলটি জেলা শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বক্তারা হত্যাকারীদের শনাক্ত এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
রংপুর: বিকেলে প্রেসক্লাবের সামনে প্রগতিশীল রজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্রসংগঠনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশফেকা রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহীন রহমান, উদীচীর সাধারণ সম্পাদক কাফি সরকার, শিক্ষক শফিয়ার রহমান, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, সাংবাদিক মাহবুব রহমান প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তাঁর সন্তান হত্যার বিচার চান না বলে জানিয়েছেন। প্রতিবাদহীনতার সময়ে এর চেয়ে বড় প্রতিবাদ আর নেই।
কুমিল্লা: বিকেলে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। উদীচী কুমিল্লা জেলা সংসদের সভাপতি এম কে ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ন্যাপ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
নেত্রকোনা: ছাত্র ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। সেখানে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবদুল কাইয়ুম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সংগীতা সরকার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
রাজবাড়ী: বিকেলে প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ। শহরের রেলগেটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে এসে শেষ হয়।
ফরিদপুর: ফরিদপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। একই সঙ্গে দেশে মুক্তচিন্তার পথ অবারিত রাখার স্বার্থে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বেলা ১১টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা শহরের পূর্ব খাবাসপুরে নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সুনামগঞ্জ: পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। বেলা একটায় পৌর বিপণি এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা: বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং ছাত্র ও যুব সংগঠনের ব্যানারে সকালে শহীদ আলাউদ্দীন চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। বক্তারা হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মৌলভীবাজার: বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।