জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাসে পোশাক কারখানার শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সূত্রে জানা গেছে, মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক জেসমিন আক্তার। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিপিবি নারী সেলের জেলার সভাপতি শোভা সাহা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মে রূপগঞ্জে ফকির ফ্যাশন কারখানার পোশাক কর্মী কাজ শেষে বাসযোগে সোনারগাঁওয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে বাসেই ঘুমিয়ে পড়েছিলেন ওই নারী কর্মী। বাসের অন্য যাত্রীরা নেমে যাওয়ায় তাঁকে একা পেয়ে বাসচালক চান মিয়ার নির্দেশে পালাক্রমে ধর্ষণ করে বাসচালক, তার সহযোগীসহ (বাসের হেলপার) চারজন। ধর্ষণ শেষে পোশাক কর্মীকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায় ধর্ষকেরা। এ ঘটনায় বাসচালকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। চালকসহ অন্য ধর্ষকদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তবে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।