জড়িতদের গ্রেপ্তার দাবি
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ৩১ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে গণ-পদযাত্রার ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যে এক ছাত্র-জনতা সমাবেশ থেকে এ ঘোষণা দেন নির্দলীয় ছাত্রজোটের আহ্বায়ক শিবলী হাসান।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি শাসকদের ঘাড়ের ওপর ভর করে আছে তা ছুড়ে ফেলে দিতে হবে। রাষ্ট্র যে নিপীড়কদের পক্ষে নয়, তা রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে।
ইমরান বলেন, ওই তরুণী ধর্ষিত হওয়ার পর সাড়ে তিন ঘণ্টা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেছেন। বর্ষবরণের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, যেসব পুলিশ ওই ঘটনায় জড়িতদের ধরতে পারছে না, তাদের চাকরি-বেতন বন্ধ করে দেওয়া।
চলচ্চিত্র নির্মাতা জাহানারা নূরী বলেন, রাষ্ট্রের রাজনীতি যখন সমাজকে এমনভাবে তৈরি করে যেন সমাজ অন্যায়কারী ও লুণ্ঠনকারীদের হাতে চলে যায়, তখনই গণধর্ষণের মতো ঘটনা ঘটে। তিনি এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখার আহ্বান জানান। সমাবেশ শেষে জোটের নেতা-কর্মীরা একটি মশাল মিছিল নিয়ে টিএসসি থেকে শহীদ মিনারের দিকে যান।