নীলফামারীর সৈয়দপুরে মুঠোফোনের মাধ্যমে ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর কর্মী হাবিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও লুট হওয়া ২২ লাখ টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার শহীদ ডা. জিকারুল হক সড়কে প্রেসক্লাবের সামনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। সকালে উপজেলা শহরের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তৃতা করেন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, শিল্পপতি সিদ্দিকুল আলম, মানবাধিকার কর্মী আশরাফুল হক, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, নিহত বিকাশকর্মী হাবিবুর রহমানের বড় ভাই হারুন-অর-রশিদ প্রমুখ। বক্তারা বলেন, দিনের বেলায় সন্ত্রাসীরা যেভাবে বিকাশকর্মীকে হত্যা করে ২২ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল, তা নজিরবিহীন। ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার সৈয়দপুরে আধাবেলা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা। প্রসঙ্গত, গত ২৩ জুন বেলা ১১টায় শহরের শহীদ জহুরুল হক সড়কের কলিম মোড় এলাকায় সন্ত্রাসীরা দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে বিকাশকর্মী হাবিবুরকে হত্যা করে ২২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে বিকাশের অপর এক কর্মী সোহেল ও পথচারী শামীম আহত হন।