ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দেকে মারধরের সঙ্গে জড়িত তারিকুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি বর্জন করেছে শিক্ষক সমিতি।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অর্থ কমিটির পরিচালক সুব্রত কুমার দেকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের ঠিকাদার তারিকুলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে ওই রাতেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ফজলুল কাদের চৌধুরী।
গতকাল সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ঘটনার তিন দিন পার হয়ে গেলেও পুলিশ প্রশাসন তারিকুলকে গ্রেপ্তার করতে পারছে না। এতে প্রশাসনের আন্তরিকতা নিয়ে সন্দেহ হচ্ছে। সোমবার সকাল ১০টার মধ্যে তারিকুলকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।
একই দাবিতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করেন সব বিভাগের শিক্ষকেরা। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও যোগ দেন। ধর্মঘটে সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম বলেন, ‘তারিকুলের রাজনৈতিক পরিচয় আমি জানি না। তবে তাঁকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের একটা পক্ষও কাজ করছে।’
শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল দুপুরে ঘটনা তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে বর্জন করা হয়। মোল্লা আমিনুল ইসলাম বলেন, তিনি নিজেও তদন্ত কমিটির সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারকে নিয়ে গঠিত কমিটি তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন কমিটি মনে হওয়ায় তিনি কমিটি থেকে পদত্যাগ করেছেন।
উপাচার্য মোহিত আলম বলেন, পুলিশ তারিকুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পুলিশ আন্তরিক নয়, এ রকম অভিযোগ সঠিক নয়।