জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
ছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগে হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. হুরমুজ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ১ আগস্ট বিকেল চারটার দিকে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে সুলতানপুর এলাকায় জাহাঙ্গীর আলম ও তাঁর চার সহযোগী ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে সিএনজিচালিত একটি অটোরিকশায় তোলেন। এ সময় ওই ছাত্রীর এক সহপাঠী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় জাহাঙ্গীর ও তাঁর লোকজন পালিয়ে যান।
এ ঘটনায় ২ আগস্ট ওই ছাত্রীর নানা মো. আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সদর উপজেলার মধ্যকুমারী খামারপাড়া গ্রামের সাইম মিয়া (২৪), সুলতানপুর গ্রামের সাইফুল ইসলাম (২৫), গোলাম রাব্বানী (২৭) ও মোরশেদ আলম (৪৫)।
ঘটনার প্রায় এক সপ্তাহ পরও পুলিশ ওই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল দুপুরে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর মা খোদেজা বেগম বলেন, তাঁর ছেলে অন্যায় কাজ করেছেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছেন।