বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
গতকাল বেলা ১১টা থেকে উপজেলা সদরের ডাকবাংলো সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা সাংবাদিক পীযূষ কান্তির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
৬ নভেম্বর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐয়ের বেইলি সেতু এলাকায় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসের গতিরোধ করে ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ, পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়ী আমিন ও তাঁর কর্মচারী লিটন মিয়া ও মাইক্রোবাস চালক মোস্তাক আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।