জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মামুন মিয়া নামের এক রাজমিস্ত্রির দুই কান কাটার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মানুষ। গতকাল সোমবার তারা এ কর্মসূচি পালন করে।
মামুন মিয়া (২২) সদর উপজেলার কাছাইট গ্রামের শহীদ মিয়ার ছেলে। ১৬ অক্টোবর প্রতিপক্ষের লোকজন তাঁর দুই কান কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বাবা শহীদ মিয়া একই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সাঈদ মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১১ দিন পরেও পুলিশ ওই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এ অবস্থায় গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রেসক্লাবের সামনে এসে কাছাইট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করে। মামুনের মা জুলেখা বেগম বলেন, ‘আমার ছেলের দুটি কান কেটে আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।’
মামুনের পরিবার সূত্রে জানা গেছে, ছয়-সাত মাস আগে মুঠোফোনের ব্যাটারি চুরির ঘটনায় কাছাইট গ্রামের সাঈদ মিয়ার সঙ্গে মামুনের বড় ভাই হুমায়ুন কবীরের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করে। সাঈদের মামলায় হুমায়ুন, তাঁর ভাই মামুনসহ পরিবারের পাঁচ সদস্য এক মাসের কারাভোগ করেন। গত রমজান মাসের শেষ দিকে তাঁরা কারাগার থেকে জামিনে বের হন। ওই ঘটনার জের ধরে ১৬ অক্টোবর সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়ার পথে কাছাইট গ্রামের কাঞ্চনপুর এলাকায় সাঈদ ও তাঁর সহযোগীরা মামুনের ওপর হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মামুনের দুই কান কেটে দেন।