ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন সাংবাদিকদের হয়রানির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। কমিটি সাংবাদিকদের দায়িত্ব পালনের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে।
প্রায় দুই মাস ধরে কমিটি কয়েক দফায় পুলিশ, ভোট গ্রহণ কর্মকর্তা ও সাংবাদিকদের বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন চূড়ান্ত করে। তদন্ত কমিটির প্রধান ও ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমান গত বুধবার ৩৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন কমিশন সচিবালয়ে জমা দেন।
২৮ এপ্রিল ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণের দিন পুলিশ ও সরকারি দল-সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা কর্তব্যরত সাংবাদিকদের নাজেহাল ও দায়িত্ব পালনে বাধা দেয়। বেশ কয়েক জায়গায় প্রার্থীদের সমর্থকেরা সাংবাদিকদের ভোটকেন্দ্র ছেড়ে যেতে বাধ্য করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনারকে সদস্য করায় এর সমালোচনা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের লিখিত অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ না থাকায় তাঁদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া বা নাজেহাল করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।
তদন্ত কমিটির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘অভিযোগের পক্ষে সাংবাদিকদের কাছ থেকে তথ্য-প্রমাণ চেয়েছিলাম। সাংবাদিকেরা সহযোগিতা করলে কিছু না কিছু অভিযোগ অবশ্যই প্রমাণ করা যেত। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো তথ্য-প্রমাণ পাইনি।’
তবে তদন্ত-সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেছেন, জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কমিটি ঢাকার দুই সিটিতে ৩০টি কেন্দ্র চিহ্নিত করেছে, যেখানে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া ও নাজেহাল করা হয়। কিন্তু নির্বাচনে দায়িত্ব পালন করা ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ, নির্বাহী হাকিম, পর্যবেক্ষক—কেউই নাজেহালের ঘটনা প্রত্যক্ষ করেননি বলে জানিয়েছেন। অন্যদিকে সাংবাদিকদের কাছ থেকে ঘটনার স্থির, ভিডিওচিত্রসহ অন্যান্য যেসব তথ্য-প্রমাণ পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল, তা পাওয়া যায়নি। বাদী ও বিবাদীদের মুখোমুখি শুনানিতে সাংবাদিকেরা অংশ নেননি।
আনিছুর রহমান বলেন, ‘আমরা চাই নির্বাচনে সাংবাদিকেরা অবাধে কাজ করুন। সে জন্য অবশ্যই সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। শৃঙ্খলার মধ্যে কাজ করলে ভোটকেন্দ্রে সাংবাদিক নির্যাতনের ঘটনা কমে আসবে।’
এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।