চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে লাশের ময়নাতদন্ত নিয়ে অনিয়মের সঙ্গে জড়িত অপরাধী ও দালাল চক্রকে চিহ্নিত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
নির্দেশে বলা হয়, এ কাজে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মচারী, দালাল চক্র, সিন্ডিকেট বা অন্য কেউ যুক্ত কি না, তার সত্যতা জানতে এবং অপরাধীদের চিহ্নিত করে অপরাধ আমলে নিতে তদন্ত প্রয়োজন।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে তদন্তের এ নির্দেশ দেন। সিআইডির পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় আদেশে।
গত মঙ্গলবার চট্টগ্রামের একটি স্থানীয় দৈনিকে ‘চমেক মর্গ যেন দালালদের স্বর্গরাজ্য, লাশ নিয়ে চলে অমানবিক বাণিজ্য, টাকা দিলে পাল্টে যায় পোস্টমর্টেম রিপোর্টও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে গতকাল আদালত সুয়োমোটো জারি করেন বলে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন। প্রকাশিত প্রতিবেদনে অ্যাম্বুলেন্সচালকের সহকারী, পুলিশ ও কর্মচারী জড়িত বলে অভিযোগ করা হয়।
আদালত আদেশে আরও উল্লেখ করেন, মর্গে ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের নামের তালিকা, তাঁদের কর্মকাল তদন্ত প্রতিবেদনের সঙ্গে পৃথকভাবে দাখিল করতে হবে।