জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিশনের (সিএইচটি কমিশন) ওপর হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক ও মানবাধিকারকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে ‘নাগরিক সমাজ’ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামালের নেতৃত্বে কমিশনের একটি দল পার্বত্য চট্টগ্রামের তিন জেলা সফর করছিল। সফরকালে গত শনিবার রাঙামাটির ওমদা মিয়া হিল এলাকায় তাঁদের গাড়িতে হামলা হয়। এতে আহত হন দলের সঙ্গে থাকা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইলিরা দেওয়ান এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ।
মানববন্ধনে উপস্থিত আদিবাসীবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এ হামলার জন্য স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন। ‘সাম্প্রদায়িক’ প্রবণতা থেকেই এ ধরনের ঘটনা ঘটছে দাবি করে তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যারা দীর্ঘদিন ধরে একটা উগ্র বাঙালি জাতীয়তাবাদ গড়ে তুলছে, এর পেছনে রয়েছে উগ্র সাম্প্রদায়িকতা। রোহিঙ্গারা যখন অনুপ্রবেশ করে, তখন তাদের কাছে এটা সহনশীল হয়। কিন্তু আদিবাসীদের নিয়ে কোনো ইস্যু যখন আসে, তারা তখন অসহনশীল হয়ে পড়ে।’
এদিকে সিএইচটি কমিশনের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে। জনগণের মনে এ ধারণা হবে যে এর পেছনে সেনাবাহিনীর ইন্ধন রয়েছে।’
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিশন সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যায়নি। তাদের ওপর হামলার ঘটনায় মনে হচ্ছে, দুর্বলের পাশে দাঁড়াতে যাওয়াটাই এখন সবচেয়ে বিপজ্জনক।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার প্রমুখ।