জড়িতদের ধরার প্রক্রিয়া চলছে : সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ বরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলে গতকাল সোমবার সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অবশ্য পুলিশ বলেছে, ওই ঘটনায় দায়ী কাউকে তারা এখনো আটক করেনি। তবে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে কয়েকজন নারী লাঞ্ছিত হন।
গতকাল জাতীয় সংসদে সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের চিহ্নিত করতে আইজি (পুলিশের মহাপরিদর্শক) সাহেব পুরস্কার ঘোষণা করেছেন। সবাইকে চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে ধরেছি এবং আইনের কাছে পৌঁছে দিয়েছি। দু-একজন বাকি আছে। তাদেরও ধরব।’ তিনি বলেন, বাংলা নববর্ষের সঙ্গে বাঙালির আবেগ জড়িত। এদিন ওই এলাকায় লাখো মানুষের ঢল নামে। তাই পুলিশের দায়িত্ব পালনে কিছুটা সমস্যা হয়।
অবশ্য সংসদে দেওয়া তথ্যের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাতে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন কয়েকজনকে যে পুলিশ ধরেছিল, তা-ই আমি সংসদে মিন করেছি। পরে সন্দেহভাজন হিসেবে ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। এখন যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের ধরার প্রক্রিয়া চলছে।’
গতকাল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় কাউকে আটক করা হয়নি। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘ওই ঘটনার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয়েকজনের ছবি প্রচার করা হয়। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী এসে আমাদের বলেছেন, তাঁরা ঘুরতে গিয়েছিলেন, নিপীড়নে জড়িত নন। আমরাও এর সত্যতা পেয়েছি।’
মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় জড়িত একজনের সম্পর্কে তথ্য পেয়ে পুলিশ ঢাকার বাইরে তার বাড়িতেও গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে ওই নামের এক বৃদ্ধকে পাওয়া যায়। গত পাঁচ বছরে তিনি ঢাকায় আসেননি।