জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনশ্রমিক আজাহারুলকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় গতকাল সড়ক অবরোধ করেন এলাকাবাসী l ছবি:  প্রথম আলো
পরিবহনশ্রমিক আজাহারুলকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় গতকাল সড়ক অবরোধ করেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবহনশ্রমিককে পিটিয়ে ও অটোরিকশার চাপায় হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় মহাসড়ক অবরোধ করে এ দাবি জানান এলাকাবাসী।
নিহত পরিবহনশ্রমিক আজহারুল ইসলাম (২৬) ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। নেত্রকোনার কলমাকান্দা থেকে চট্টগ্রামে চলাচলকারী ‘বিশাল’ পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন তিনি।
গত বুধবার গভীর রাতে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয় মো. সবুজের (২৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল বিশাল পরিবহনের একটি বাস ঘিরে ধরে। তারা বাসটির চালক, তত্ত্বাবধায়ক ও চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা চালকের সহকারী আজহারুলকে বাস থেকে নামিয়ে আবারও পেটায় ও অটোরিকশা দিয়ে চাপা দেয়। ফেনীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় নেওয়ার পথে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
গতকাল জুমার নামাজ শেষে গ্রামের বাড়িতে আনোয়ারুলের দাফন সম্পন্ন হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী শিকারিকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বেলা দুইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত অবরোধকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার হালদারমুড়া গ্রামের সবুজের একটি মাদকের চালান বিশাল পরিবহনের অপর একটি বাস থেকে জব্দ করে পুলিশ। সেই থেকে সবুজ ওই পরিবহনের শ্রমিকদের ওপর প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন।