জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর মিশনে ডাকাতির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একটি মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা। একই সঙ্গে এ ঘটনায় সেখানকার ফাদার ও ব্রতচারী সিস্টারদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, ন্যায় ও শান্তি কমিশন এবং ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। যেখানে আরও কয়েকটি সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানান।
৭ জুলাই মধ্যরাতে একদল ডাকাত বলদিপুকুর মিশনে ঢুকে মিশনের কাজে নিয়োজিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকা, একটি ল্যাপটপ এবং দুটি মুঠোফোন লুটে নেয়।
কিন্তু এ ঘটনাকে নিছক ডাকাতি বলতে নারাজ ঘটনাস্থল পরিদর্শন করে আসা িখ্রষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও। ডাকাতির সময়ে মিশনের ফাদার ও ব্রতচারী সিস্টারদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ডাকাতি করতে ৫০-৬০ জন লোক আসে না। এটি পরিকল্পিত। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং মিশনের জমি দখলই এর উদ্দেশ্য।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত মাত্র ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার মূল কারণ উদ্ঘাটনের বদলে সেখানকার প্রশাসন দায়সারা গোছের একটি পদক্ষেপ নিয়ে বসে আছে।
এ বিষয়ে ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারি এবং তেজগাঁ চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট টি রোজারিও বলেন, ‘ঘটনার পর এলাকার ডিসি, এসপিরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন। কিন্তু তাঁদের কথার সঙ্গে কাজের মিল পেলাম না।’
তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার যে নিজেদের অসাম্প্রদায়িক বলে দাবি করে, এই ঘটনার বিচারের মধ্য দিয়েই সেটা প্রমাণ করতে হবে।
বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আর বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলার বিচার না হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মানববন্ধনে সংহতি জানানো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এ ঘটনাটিও যেন বানিয়ারচরের মতো না হয়ে যায়।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমিরুল হক, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল চ্যাটার্জি, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ।
রাজশাহী ও রংপুরে মানববন্ধন: বলদিপুকুর মিশনে হামলার প্রতিবাদে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিষ্ট ধর্মাবলম্বী, ধর্মযাজক ও ব্রতচারী সন্ন্যাসীরা গতকাল নগরের সাহেববাজারে মানববন্ধন করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ জেভার্স রোজারিও।
রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও মিঠাপুকুরে মানববন্ধন ও সমাবেশ করেছে িখ্রষ্টান সম্প্রদায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে পান্নাদাস অ্যামব্রোমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাইকেল কুজুর, পল্লব মিনজ, সিস্টার সেলিস্টিনা, তেরেঙ্গা গোমেজ, প্রভুচরণ মিনজ প্রমুখ। আড়াই ঘণ্টাব্যাপী মানববন্ধনে পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়।