বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ হিসেবে যা যা করণীয়, তা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদকেও নির্দেশ দেন। এ ছাড়া বিচারের বিষয় ও প্রক্রিয়া নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
একই সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রতিবেদনটি প্রধানমন্ত্রীকে পড়ার অনুরোধ করেন৷ প্রতিবেদন গ্রহণের সময় প্রধানমন্ত্রীকে ব্যথিত ও মর্মাহত বলে মনে হয়েছে সংশ্লিষ্টদের৷
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি অনেক গুরুত্বের সাথে নিয়েছেন এবং অ্যাকশনে যেতে বলেছেন৷ এর বাইরে আমি আপাতত অন্য কিছু মন্তব্য করব না।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। প্রথমে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে৷