জড়িতদের শনাক্ত করতে ৮ জনকে জিজ্ঞাসাবাদ

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে দুই দিন ধরে অন্তত আটজনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির একটি সূত্র বলেছে, মোবাইল ফোনের সূত্র ধরে ঢাকা ও সাভারের আট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুই দিন ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তকারীরা গুলশান এলাকার শতাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ও মোবাইল ফোনের সূত্র ধরে চালানো তদন্তের পাশাপাশি গতানুগতিক পদ্ধতি অবলম্বন করছেন। বিভিন্ন সংস্থা হত্যাকারীদের শনাক্তে ডিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
এ বিষয়ে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাহফুজুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন খুনিদের শনাক্ত করতে তাঁরা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। সিজার হত্যাকাণ্ড নিয়ে তাঁরা ঘটনাস্থল, সিজারের কর্মস্থল ও বাসার লোকজনের সঙ্গে কথা বলছেন।
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, আইসিসিও কো-অপারেশনের তহবিল নিয়ে কোনো সমস্যা ছিল কি না, তা নিয়ে ইতালি দূতাবাস তাদের সন্দেহের কথা বলেছিল। ঘটনার পর ডিবি সিজার তাবেলার গুলশান ২ নম্বরের বাসা, তাঁর কর্মস্থল গুলশান ১-এর আইসিসিও কো-অপারেশন থেকে জব্দ করা দুটি ল্যাপটপ, পেনড্রাইভ ও তাঁর দুটি মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে সিজারের ব্যক্তিগত শত্রুতার বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি। তা ছাড়া তদন্তকারীরা আইসিসিও কো-অপারেশনের তহবিল নিয়ে কোনো ঝামেলা না পেলেও এ বিষয়টি তদন্তের মধ্যে রেখেছে। সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
সিজারের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। ইতালীয় দূতাবাস তাঁর মরদেহ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাত পর্যন্ত মরদেহটি মর্গের হিমঘরে ছিল।
গতকাল বিকেলে রাজধানীর কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা মহড়ায় অংশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শেখ মুহম্মদ মারুফ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিজার হত্যায় অগ্রগতি যে হয়নি, তা বলা যাবে না। তবে সে অগ্রগতি উল্লেখ করার মতো নয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।