জড়িতরা চিহ্নিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ নূর
আরিফ নূর

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আরিফ নূরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শুক্রবার রাতে রাজধানীর পরীবাগে সন্ত্রাসী হামলার শিকার হন আরিফ নূর। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাইভেট কারে আসা পাঁচ-সাতজন যুবক তাঁর গতি রোধ করেন। চাপাতি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তাঁরা। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে রাজধানীর পান্থপথের একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার পর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছে।

ঘটনার প্রতিবাদে গতকালও রাজধানীর বাইরে বেশ কয়েকটি স্থানে মানববন্ধন হয়েছে। গত শনিবার বিকেলে গণজাগরণ মঞ্চ প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করে। বক্তারা এই হামলার জন্য জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল চক্রকে দায়ী করেন।

জানতে চাইলে ওসি সিরাজুল বলেন, ‘আমাদের সন্দেহের তিরও ওই দিকে। ঘটনার সূত্র বের করার চেষ্টা চলছে।’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, আরিফ নূরের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এতে বক্তব্য দেন উদীচীর চাঁপাইনবাবগঞ্জ শাখার সহসভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, চাঁপাইনবাবগঞ্জের গণজাগরণ মঞ্চের কর্মী রফিক হাসান, ইসরাইল সেন্টু, গোলাম মাওলা প্রমুখ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খেলাঘর জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। কমিটির সম্পাদক রথীন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা রাশিদা আক্তার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, জেলা সিপিবির নেতা দুলাল সাহা, বাসদ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আরিফ নূরের ওপর জামায়াত-শিবির মৌলবাদী চক্র হামলা চালিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

প্রসঙ্গত, আরিফ নূর উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ খেলাঘরের একজন সংগঠক। এ ছাড়া নাটক, বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে তিনি সম্পৃক্ত।

ইতিপূর্বে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন হামলার শিকার হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন ব্লগার আসিফ মহিউদ্দীন। ফেব্রুয়ারিতে হামলায় নিহত হন গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার। সন্ত্রাসী হামলায় নিহত হন গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সাতক্ষীরার মামুন ও সিলেটের জগৎ জ্যোতি। এ ছাড়া গত এপ্রিলে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার দুই মাস পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আরিফ রায়হান। দুই মাসের বেশি অচেতন অবস্থায় চিকিৎসাধীন থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।