ঢাকার আশুলিয়ার বারইপাড়ায় হামলা করে এক পুলিশ সদস্যকে হত্যা ও আরেকজনকে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গত তিন দিনেও শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশুলিয়া ও আশপাশের পোশাক কারখানা-অধ্যুষিত এলাকাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটেদের তথ্য সংগ্রহ করছে পুলিশ।
পুলিশের সূত্র বলেছে, হামলাকারীদের ধরতে আশুলিয়া থানার পুলিশের একাধিক দলসহ র্যাব ও গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে। আশুলিয়া থানার পুলিশকে সহায়তা করছে চার জেলার পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল।
বারইপাড়ায় পুলিশের চৌকিতে গত বুধবার প্রকাশ্যে হামলা চালিয়ে শিল্প পুলিশ-১-এর কনস্টেবল মুকুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। আহত করা হয় আরেকজন কনস্টেবলকে।
ওই ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা গতকাল শুক্রবার সন্ধ্যায় বলেন, হামলাকারীদের ধরতে আশুলিয়া থানার একাধিক দল মাঠপর্যায়ে কাজ করছে। এ ছাড়া র্যাব ও গোয়েন্দা পুলিশও মাঠে রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত হামলাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, পুলিশের ওপর হামলার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বারইপাড়া ও আশুলিয়া এবং ঢাকা-আরিচা মহসড়কের বিশমাইল ও সিঅ্যান্ডবি এলাকার তল্লাশিচৌকিতে জনবল বাড়ানোর পাশাপাশি বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি নাগরিকেরা যেসব পোশাক কারখানায় চাকরি করেন এবং ওই এলাকার যেসব রেস্তোরাঁয় খাবার খান, সেসব কারখানা ও রেস্তোরাঁগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।