রাজধানীর বাড্ডার স্যার জন উইলসন স্কুলের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ওই দুই শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দিতে হবে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা আদালত রুল দিয়ে জানতে চেয়েছেন। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ, স্কুলটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সদস্যসচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
১০ মার্চ অষ্টম শ্রেণির ছাত্রী মালিহা মুসকান আহমেদ ও প্রথম শ্রেণির ছাত্র মানইউ আহমেদকে বহিষ্কার করে স্যার জন উইলসন স্কুল কর্তৃপক্ষ। ২৪ মার্চ স্কুল কর্তৃপক্ষের ওই বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তাঁদের বাবা মিনহাজ আহমেদ। গতকাল ওই আবেদনের ওপর শুনানি হয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুল ইসলাম ভূঁইয়া। সঙ্গে ছিলেন মনিরুজ্জামান আসাদ।
পরে মনিরুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, আদালতের এই আদেশের ফলে দুই শিক্ষার্থীর স্কুলের নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আর কোনো বাধা থাকল না।
ঘটনার বিবরণে জানা যায়, ১০ মার্চ মিনহাজ আহমেদ তাঁর ছেলেকে স্কুল থেকে আনতে গেলে ওই স্কুলের অভ্যর্থনাকক্ষে থাকা কর্মী জানতে চান, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেমন হয়েছে। ওই কর্মীর কথার জবাবে তিনি বলেন, ভালোই। কিন্তু স্কুলের মাঠটি এত ছোট যে সেখানে ঠিকভাবে খেলাধুলা করা যায় না। এ সময় অভ্যর্থনাকক্ষের কর্মী ছোট মাঠের বিষয়টি প্রকল্প পরিচালককে জানাতে বলেন। একপর্যায়ে এক ব্যক্তি এগিয়ে এসে নিজেকে প্রকল্প পরিচালক পরিচয় দিয়ে কথা বলতে চান। এরপর মাঠ নিয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
এ বিষয়ে গত ২০ মার্চ প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় মিনহাজ আহমেদ বলেছিলেন, ‘আমি তাদের বলি, স্কুলটি জমি কিনে নিজেদের ভবন করেছে, সেখানে মাঠটা একটু বড় করলেই হতো। এতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তর্ক শুরু করেন। আমি তখন আর এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হইনি। ছেলেকে নিয়ে বাড়িতে ফেরার পর ওই দিন (১০ মার্চ) বিকেলেই স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায়, আমার দুই সন্তান আর এই স্কুলে পড়তে পারবে না।’
পরে মিনহাজ আহমেদ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারপরও তাঁর সন্তানদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেনি স্কুল কর্তৃপক্ষ। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
গতকাল শুনানির সময় মিনহাজ আহমেদ, তাঁর দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।
জন উইলসন স্কুলটি আগে গুলশানে ছিল। মাস তিনেক আগে এটি বাড্ডার সাতারকুলে কেনা জমিতে স্থায়ী ভবনে যায়।