পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেরির বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়েছে।
এর আগে দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন জন কেরি। সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন। সেখান থেকে দুপুরের দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, সকাল সোয়া ১০টার দিকে জন কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে জন কেরি ঢাকায় এসেছেন। সন্ধ্যায় তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি যাবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসানের সঙ্গে বৈঠক শেষে কেরি ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে সেন্টার) যাবেন। ইএমকে সেন্টারে তিনি তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি মিরপুরে একটি পোশাক তৈরির কারখানা পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জন কেরির বৈঠকের কথা রয়েছে।
সম্প্রতি বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এই সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতায় বিশেষ গুরুত্ব দেবেন জন কেরি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল রোববার রাজধানীতে এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, নিরাপত্তা সহযোগিতায় ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে এবং কিছু ব্যাপারে সহযোগিতা চলছে। এ বিষয়গুলো নিয়ে এই সফরে আলোচনা হবে।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সামর্থ্য অর্জন করেছে। নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচেষ্ট আছে-এই বার্তা দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় অংশ নিতে গতকাল ঢাকায় এসেছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন।
গত পাঁচ বছরে এটি যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সফর। ২০১২ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। হিলারির ঢাকা সফরের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।