বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চিঠিতে বলা হয়, সংকট সমাধানে সরকারের সঙ্গে সংলাপে বসতে বিএনপি প্রস্তুত। কিন্তু সরকার সদিচ্ছা দেখাচ্ছে না।
চিঠিটি গত বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পৌঁছে দেওয়া হয় বলে বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে ৮ সেপ্টেম্বর জন কেরি বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দেন। তাতে দুই দলকে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানানো হয়। এর ১০ দিনের মাথায় জন কেরির চিঠির জবাব দিলেন খালেদা জিয়া।
বিএনপির সূত্র জানায়, চিঠিতে খালেদা জিয়া বলেছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে তাঁর দল প্রস্তুত। বিএনপি সংলাপে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যে বক্তব্যও দিয়েছে। বিরোধী দলে থাকায় বিএনপির পক্ষে সংলাপের আয়োজন করা সম্ভব নয়। এটা মূলত সরকারের ওপর নির্ভর করে। কিন্তু সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা দেখানো হয়নি। সরকার সংলাপে বসতে বিরোধী দলকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। বরং সরকার তাদের অবস্থানে অনঢ় থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানকে দূরে ঠেলে রেখেছেন।
চিঠিতে বলা হয়, বিভিন্ন জরিপে দেখা গেছে, দেশের ৯০ শতাংশের বেশি মানুষ নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় বলে তারা মনে করে। কিন্তু সরকার সংসদ বহাল রেখে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, যা পৃথিবীর সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে নেই। এ অবস্থায় বিরোধী দল নির্বাচনী প্রচারে সমান সুযোগ পাবে না। নির্বাচনে সরকারের পক্ষে প্রশাসন, নির্বাচন কশিমন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রভাব রাখার সুযোগ থাকবে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা।
খালেদা জিয়ার চিঠিতে আরও বলা হয়, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলই মনে করে, ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য তারা বর্তমান ব্যবস্থায় নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলছে। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট ধ্বংসাত্মক কোনো কর্মসূচি দিচ্ছে না। বিএনপি শান্তিপূর্ণ সমাধান চায়, যা সব বন্ধুরাষ্ট্রও চায়।