চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ রোধ করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম চৌধুরী প্রমুখ।
সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, ‘মেয়েদের ২৪ বছর বয়সে আর ছেলেদের ৩২ বছর বয়সে বিয়ে হলে সেটিই সুখের সংসার হবে। অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়া হলে শ্বশুরবাড়িতে গিয়ে সে নানা সমস্যায় পড়ে। তার স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।’ তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে নবদম্পত্তিকে সচেতন করতে হবে। এ ব্যাপারে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শককে মাঠপর্যায়ে জনগণকে সচেতন করতে হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম চৌধুরী বলেন, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মসূচিতে চট্টগ্রাম জেলার মধ্যে এ বছর পটিয়া উপজেলা সেরা হয়েছে।
অনুষ্ঠানে সেরা কর্মী হিসেবে পরিবার কল্যাণ সহকারী ঝুনু রানী দে ও পরিবার কল্যাণ পরিদর্শিকা জিগার সুলতানাকে প্রশংসাপত্র দেওয়া হয়।