জনইচ্ছাবিরোধী নির্বাচন করবে না সরকার: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন পছন্দ করে না এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রহসনের নির্বাচন সরকার করবে না।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কের কাজের অগ্রগতি দেখতে এসে ভালুকা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আসন্ন কোরবানি ঈদে দেশের সড়ক-মহাসড়কে কোনো পশুর হাট না বসানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বর্তমান ক্ষমতার প্রায় পাঁচ বছর হতে চলছে। এই পাঁচ বছরে বেশ কয়েকটি আসনে জাতীয় সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনসহ অনেকগুলো নির্বাচন করেছে। কিন্তু একটি নির্বাচনও প্রহসনমূলক হয়েছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না। সরকারের নাম কী হবে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হবে। আমি আশা করি আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
এদিকে ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আসন্ন ঈদের আগেই সব সড়ক মহাসড়ক যান চলাচলের উপযোগী রাখতে সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
এ সময় ভালুকার সাংসদ এম আমান উল্লাহ, চার লেন প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, ময়মনসিংহ সওজের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।