জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বাহাউদ্দীন কাজীর ১ নম্বর আমল আদালতে মামলা করেছেন আইনজীবী আবদুল মুমিত চৌধুরী।
মামলায় তাঁদের বিরুদ্ধে প্রধান বিচারপতিকে কটাক্ষ ও হেয়প্রতিপন্ন করতে উপসম্পাদকীয় প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি জনকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং ২ নম্বর আসামি জনকণ্ঠ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ।
মামলায় অভিযোগ করা হয়েছে, জনকণ্ঠ ৪ ফেব্রুয়ারি স্বদেশ রায়ের লেখা ‘অবসরের পরে রায় লেখা: এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে একটি উপসম্পাদকীয় প্রকাশ করে। উপসম্পাদকীয়টি বিভ্রান্তিকর, বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত ও জনমনে প্রশ্নবিদ্ধ করে তোলার কুমতলবে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কটাক্ষ ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উপসম্পাদকীয়তে মানহানিকর উক্তি উপস্থাপন করা হয়েছে।