ভবনের নকশা জালিয়াতির অভিযোগে করা মামলায় জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে ছিলেন এস এম আবদুল মবিন।
রাজউক কর্মকর্তাদের সহায়তায় নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগে ২০০৭ সালে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলা হয় ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর। এ মামলায় ২০০৮ সালের ১৪ মে বিশেষ জজ আদালত-২ আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ডাদেশ দেন।