জনকণ্ঠ সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদসহ ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন। রায়ের পর সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের ফলে নিম্ন আদালতে এই মামলাটি চলতে আর কোনো বাধা থাকল না।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে ধর্ষণচেষ্টার অভিযোগে এক নারী মিরপুর থানায় মামলা করলে ওই নারীর ছবি প্রকাশ করে জনকণ্ঠে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে জনকণ্ঠ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ওই নারী রমনা থানায় মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা আছে। আইনের এ-সংক্রান্ত বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। পরে ২০০২ সালে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, উপদেষ্টা সম্পাদক তোয়াব খানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।