জনকণ্ঠের আতিকুল্লাহ ও স্বদেশকে তলব, ইমরানের তথ্য দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক-সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩ আগস্ট সকাল নয়টায় তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের বিস্তারিত তথ্য চেয়েছেন আদালত।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

১৬ জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় স্বদেশ রায়ের লেখা ‘পরিবারের তৎপরতা॥ পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি কলাম প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আতিকুল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দিয়েছেন আপিল বিভাগ।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, জনকণ্ঠ পত্রিকায় একটি লেখা প্রকাশ করা হয়েছে। ওই লেখায় আদালত সম্পর্কে নানা রকম বক্তব্য এসেছে। এ ধরনের অতি উৎসাহী লেখা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। জনমতে প্রচণ্ড হতাশার সৃষ্টি করে।

এ ছাড়া সর্বোচ্চ আদালত গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিস্তারিত তথ্য দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ইমরানের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা দাখিল করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি খুব শিগগির তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা দেব।

মাহবুবে আলম বলেন, ইমরান বিভিন্ন সময় রায় প্রকাশের আগে নানা ধরনের উক্তি ও উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে আদালত জানতে চাইতে পারেন।