জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক, প্রকাশক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে সমন
দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক, প্রকাশক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আরফান উদ্দিন খানের করা নালিশি মানহানির মামলায় ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী এই আদেশ দেন।
আদালত আগামী ২১ মার্চ ‘দৈনিক জনকণ্ঠ’-এর উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় অবসরের পর রায় লেখা নিয়ে “এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে” শীর্ষক একটি নিবন্ধ লেখেন। এতে প্রধান বিচারপতি সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ করায় আমার মক্কেল বাদী হয়ে আদালতে আজ সোমবার এই নালিশি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।’