জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ বৃহস্পতিবার
দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া রুলের ওপর আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে ওই শুনানি হয়।
এই বেঞ্চে আপিল বিভাগের সাত বিচারপতির মধ্যে শুধু বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন না। জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানি শেষে আদালত আদেশের দিন ধার্য করেন।
গতকাল রোববার রুলের ওপর আংশিক শুনানি হয়।
বিচার বিভাগ নিয়ে ‘কুৎসা রটনামূলক’ উপসম্পাদকীয় প্রকাশের ব্যাখ্যা চেয়ে গত ২৯ জুলাই জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন আপিল বিভাগ। তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।
ওই দিন আদেশের পর মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘১৬ জুলাই বিচার বিভাগ নিয়ে জনকণ্ঠ পত্রিকায় একটি কলাম প্রকাশিত হয়েছে। এতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এ ধরনের অতি উৎসাহী লেখা বিচারক ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। জনমনে হতাশা সৃষ্টি হয়। এ জন্য আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়েছেন। একই সঙ্গে ৩ আগস্ট তাঁদের আদালতে তলব করা হয়েছে।’
১৬ জুলাই জনকণ্ঠের ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে উপসম্পাদকীয় প্রকাশিত হয়। ওই উপসম্পাদকীয়টির লেখক স্বদেশ রায়।