জনকণ্ঠের বিষয়ে আদেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া রুলের ওপর আজ বৃহস্পতিবার আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চের আজকের কার্যতালিকার ১ নম্বরে জনকণ্ঠ-এর বিষয়টি আদেশের জন্য আছে। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ১৬ জুলাই জনকণ্ঠ-এর ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি নিবন্ধের জন্য ২৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার এ রুল দেন আপিল বিভাগ। নিবন্ধটির লেখক স্বদেশ রায়। ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ রুলের ওপর আংশিক শুনানি হয়। পরে ১০ আগস্ট আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর বেঞ্চে এ রুলের ওপর শুনানি শেষ হয়। ওই দিন আদেশের জন্য এদিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।