জনকণ্ঠের বিষয়ে রায় বৃহস্পতিবার
জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া রুলের ওপর রায় দেওয়া হবে ১৩ আগস্ট বৃহস্পতিবার।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর বেঞ্চে গতকাল সোমবার এ রুল শুনানি শেষ হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ১৬ জুলাই জনকণ্ঠ-এর ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি নিবন্ধের জন্য ২৯ জুলাই এ রুল দেন আপিল বিভাগ। এ নিবন্ধটির লেখক স্বদেশ রায়। আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে গত রোববার এ রুলের ওপর আংশিক শুনানি হয়। পরে প্রধান বিচারপতি বলেন, যেহেতু বিচার বিভাগের স্বাধীনতা-একাগ্রতার প্রশ্ন জড়িত, তাই এটা সোমবার বৃহত্তর বেঞ্চে শোনা হবে। ওই সিদ্ধান্ত অনুসারে গতকাল রুল শুনানি হয়। এ সময় আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায় আদালতে হাজির ছিলেন।
গতকাল শুনানির শুরুতে জনকণ্ঠ-এর আইনজীবী সালাউদ্দিন দোলন বেঞ্চ নিয়ে আপত্তি জানিয়ে বলেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বেঞ্চে নেই। প্রধান বিচারপতি বলেন, সংবিধান অনুসারে বেঞ্চ গঠন সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার। বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, ‘আপনারা বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে সাক্ষী রেখেছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, তাঁর থাকা উচিত কি না।’ জনকণ্ঠ-এর আইনজীবী বলেন, ‘যে কারণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বসতে পারেন না, সে কারণে প্রধান বিচারপতিও বসতে পারেন না। এ জন্য আমরা বেঞ্চ পুনর্গঠনের আবেদন করেছিলাম।’ বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য। কিন্তু আদালত অবমাননার বিচারের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য নয়।
পরে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত নিবন্ধটি কাল তিনি আবারও পড়ে শোনান। এর এক জায়গায় লেখা হয়েছে, ‘...কেন শেখ হাসিনার সরকারকে কোন কোন বিচারপতির এ মুহূর্তের বিদেশ সফর ঠেকাতে ব্যস্ত হতে হয়।...’ এ সময় অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, তাঁর বিদেশ সফরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাধা দেওয়া হয়েছিল কি না, তা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেনে আদালতকে জানাতে হবে।
একপর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের প্রসঙ্গ তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তখন বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, এ লেখায় শুধু প্রধান বিচারপতির বিরুদ্ধে নয়, পুরো বিচার বিভাগের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে।
এরপর আইনজীবী সালাউদ্দিন শুনানিতে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে এক বিচারপতির কথোপকথনের একটি অডিও রেকর্ড জনকণ্ঠ-এর হাতে এসেছে। এতে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচারাধীন আপিল ও আইনজীবী মওদুদ আহমদের প্রসঙ্গ রয়েছে। একপর্যায়ে তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে সাক্ষী মেনে সমনের আবেদন উপস্থাপন করতে গেলে প্রধান বিচারপতি বলেন, ‘আমি তো বিষয়টি অ্যাডমিট করছি। তাহলে আর তো কিছুর দরকার নেই।’
পরে সালাউদ্দিন বিচারপতিদের শপথবাক্য আদালতে পড়ে শোনান। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘একজন পার্টিকুলার বিচারক যা চাইবেন তা দিতে হবে, না হলে প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করবেন—আপনি কি এই বলতে চাচ্ছেন?’
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এই রুল দেওয়ার পর থেকে আদালতকে প্রভাবিত করার জন্য জনকণ্ঠ-এ ধারাবাহিকভাবে লেখা ছাপা হচ্ছে। বিচারাধীন বিষয়ে আদালতকে প্রভাবিত করার জন্য কোনো লেখা প্রকাশ করা যাবে না, এটা মীমাংসিত বিষয়। দেশে কি স্বাধীনতার পক্ষে একজন বিচারপতিই আছেন? তিনিই সারাজীবন থাকবেন আর একাই যুদ্ধাপরাধের বিচার করে যাবেন? বিচারপতি আসবে, বিচারপতি যাবে। কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকবে। কেউ অপরিহার্য নয়। বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘এ ধরনের লেখা লিখে আপনারা দেশের সর্বনাশ করছেন। বিচার বিভাগকে ধ্বংস করছেন।’
প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো সময় প্রধান বিচারপতি বা অন্য কোনো বিচারপতিকে বিদেশে যাওয়ার বিষয়ে হস্তক্ষেপ করেননি। এটা আমি আদালতকে জানিয়ে দিয়েছি।’ তিনি বলেন, একজন বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির কথোপকথন রেকর্ড করা শুধু আদালত অবমাননা নয়, এটা তথ্যপ্রযুক্তি আইনেও অপরাধ। বেঞ্চ পুনর্গঠন করার এখতিয়ার প্রধান বিচারপতির সব সময় আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগেও সাকা চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁস করে বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছিল। এবার আপিলের রায় হওয়ার আগ মুহূর্তে এ ধরনের চেষ্টা করা হয়েছে।