জনকণ্ঠের সম্পাদক ও এক সাংবাদিকের দণ্ড
আদালতের গুরুতর অবমাননার দায়ে সাজা ভোগ করলেন দৈনিক জনকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদালতকক্ষে কয়েক ঘণ্টা বন্দী থেকে তাঁরা এ সাজা ভোগ করেন।
গতকালের আদেশে আপিল বিভাগ বলেন, আদালত অবমাননা-সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের ক্ষমতা নিয়ে বিচারপ্রার্থী, আইনজীবী ও সব ধরনের গণমাধ্যমকর্মীদের মধ্যে নানা ধরনের প্রশ্নের জন্ম হয়েছে। এ জন্য আদালত মনে করেন, এ বিষয়ে একটি গাইডলাইন দেওয়া দরকার, যা পূর্ণাঙ্গ রায়ে পাওয়া যাবে।
গত ১৬ জুলাই জনকণ্ঠ-এর ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামের একটি নিবন্ধে আদালতের গুরুতর অবমাননা হয় এমন সব উপাদান থাকায় দেশের সর্বোচ্চ আদালত এ সাজা দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
আপিল বিভাগের এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদেশে আদালত বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দিনের কার্যক্রম শেষ করে আদালতের উঠে যাওয়া পর্যন্ত তাঁদের বন্দিত্বের সাজা এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হলো। আগামী সাত দিনের মধ্যে দুটি দাতব্য সংস্থায় তাঁদের এ টাকা জমা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের সাত দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে।
আদেশে আরও বলা হয়, বিচারাধীন কোনো বিষয়ে হস্তক্ষেপ করে যদি লেখা ছাপা হয় এবং এতে চূড়ান্ত বিচারের আগেই মানুষের মনে কোনো পূর্বধারণা তৈরি হয়, তাহলে তা আদালত অবমাননা। এ ক্ষেত্রে প্রকাশক বা লেখকের উদ্দেশ্য বিবেচনার বিষয় নয়। যদি কোনো বিচারককে হেয় করার জন্য কুৎসা রটনা করা হয়, তাহলে তা আদালত অবমাননা। প্রধান বিচারপতিকে যদি তাঁর প্রশাসনিক ক্ষমতার জন্য সমালোচনা করা হয়, তাহলে সেটাও আদালত অবমাননা। সমালোচনা গঠনমূলক হতে হবে এবং তা কোনোভাবেই বিচারব্যবস্থাকে খাটো করে নয়।
এ নিয়ে সর্বোচ্চ আদালতে দুজন সম্পাদক আদালত অবমাননার দায়ে দণ্ডিত হলেন। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ।
গতকাল নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সোয়া ১০টার দিকে আদেশ ঘোষণা শেষ করেন প্রধান বিচারপতি। ওই সময় থেকে জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাজা শুরু হয়। এ সময় তাঁরা আদালতকক্ষে বসে ছিলেন। এরপর মাঝে আধা ঘণ্টার নিয়মিত বিরতি দিয়ে বেলা সোয়া একটা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে। আদালত উঠে গেলে আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায় আদালতকক্ষ থেকে বেরিয়ে আসেন।
পরে জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের আইনজীবী সালাউদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, ‘আদালতের রায় আমরা মেনে নিয়েছি। পূর্ণাঙ্গ রায় পেলে তা পর্যালোচনা করে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে স্বদেশ রায়ের লেখা একটি নিবন্ধের জন্য গত ২৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন আপিল বিভাগ। ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ রুলের ওপর আংশিক শুনানি হয়। পরদিন ১০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর বেঞ্চে এ রুলের ওপর শুনানি শেষ হয়। এরপর গতকাল ওই রুলের ওপর আদেশ দিলেন আদালত।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, ১৯২৬ সালের আদালত অবমাননা আইন পুরোনো হয়ে গেছে। এটা নতুন করে প্রণয়ন করা প্রয়োজন। সংবিধানে দেওয়া ক্ষমতার আলোকে আদালত জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, অন্য মামলায় কী সাজা দেওয়া হলো, এখানে এটা সেটা বিচার্য বিষয় নয়। মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেই আতিকউল্লাহ খান মাসুদকে ছয় মাসের দণ্ড হবে, এমনটি ধারণা করা ঠিক নয়। আর আদালত অবমাননার দায়ে এক বছরের দণ্ড আর এক ঘণ্টার দণ্ড, দুটোই কিন্তু দণ্ড।
আদেশে আরও বলা হয়, আদালতের একটি নির্দিষ্ট বেঞ্চের গঠন কেমন হবে, সে বিষয়ে কিছু বলার ক্ষমতা একজন বিচারপ্রার্থী বা বিচারকের নেই। একটি বেঞ্চ কেমন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংবিধানের ১০৭(৩) অনুচ্ছেদ অনুসারে একমাত্র বাংলাদেশের প্রধান বিচারপতির।