জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ নিয়ে ‘কুৎসা রটনামূলক’ উপসম্পাদকীয় প্রকাশের ব্যাখ্যা চেয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৩ আগস্ট তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। পাশাপাশি গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিষয়ে বিস্তারিত তথ্য দাখিলের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদেশের পর মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘১৬ জুলাই বিচার বিভাগ নিয়ে জনকণ্ঠ পত্রিকায় একটি কলাম প্রকাশিত হয়েছে। এতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এ ধরনের অতি উৎসাহী লেখা বিচারক ও বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। জনমনে হতাশা সৃষ্টি হয়। এ জন্য আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) রুল জারি করেছেন। একই সঙ্গে ৩ আগস্ট তাঁদের আদালতে তলব করা হয়েছে।’
১৬ জুলাই জনকণ্ঠ পত্রিকার ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। এই উপসম্পাদকীয়টির লেখক স্বদেশ রায়।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘ইমরান এইচ সরকারের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা দাখিল করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি খুব শিগগির তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করে আদালতকে দেব। ইমরান বিভিন্ন সময় রায় প্রকাশের আগে নানা ধরনের উক্তি ও উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে আদালত জানতে চাইতে পারেন।’
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় ঘোষণার জন্য গতকাল দিন ধার্য ছিল। সকাল নয়টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি প্রথমে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এর পরপরই তিনি বলেন, ‘আমরা একটি সুয়োমোটো অর্ডার (স্বতঃপ্রণোদিত আদেশ) দিচ্ছি।’ এরপর জনকণ্ঠ-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেওয়া হয়।