জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মানহানির মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারি হওয়ার পরও আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী।
আদালত সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার তামিলের প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে এই তিনজনের বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারি সমন জারি করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আরফান উদ্দিন খানের করা নালিশি মানহানির মামলায় ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী ওই আদেশ দেন।
৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় অবসরের পর রায় লেখা নিয়ে ‘এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শীর্ষক একটি নিবন্ধ লেখেন। এতে প্রধান বিচারপতি সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ করায় বাদী ওই নালিশি মামলা করেন।