জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি
প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করার অভিযোগে করা একটি মামলায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার এই মামলায় তিনজনের হাজির হওয়ার দিন ধার্য ছিল। তাঁরা হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ-এর ষষ্ঠ পৃষ্ঠায় ‘অবসরের পর রায় লেখা: খালেদার এজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ এই শিরোনামে স্বদেশ রায়ের একটি নিবন্ধ ছাপা হয়। এতে প্রধান বিচারপতির সন্মানহানি হয়েছে বলে বাদী অভিযোগ করেন।
ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন খান গত ২২ ফেব্রুয়ারি এ মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনে তাঁদের ২১ মার্চ আদালতে হাজির হতে বলা হয়।