জনকল্যাণই আমার রাজনীতির একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তিগত অর্জন নয়, দেশের সাধারণ মানুষের কল্যাণই তাঁর রাজনীতির একমাত্র লক্ষ্য। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের অক্সফোর্ডের স্থানীয় এক হোটেলে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘বিশ্ব শান্তি: ডটার অব পিস শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাসস ও ইউএনবি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণের কল্যাণের রাজনীতি করি, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই, নিজের কোনো অর্জনের জন্য নয়।’ অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে অন্যান্যের মধ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত, তথ্য কমিশনার সাদেকা হালিম, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজম বক্তৃতা করেন। শেখ হাসিনা বলেন, দারিদ্র্যের মধ্যে বসবাসকারী দেশের লাখ লাখ মানুষের মুখে হাসি ফোটাতে যেকোনো ত্যাগ স্বীকারে তিনি বদ্ধপরিকর। রাজনীতিতে যোগদান সম্পর্কে তিনি বলেন, ‘জনগণের কল্যাণ এবং দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে এসেছি।’ এ সময় তিনি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের উপায় সম্পর্কে শিক্ষা লাভ করেছেন বলে উল্লেখ করেন।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন এবং তাদের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে দ্বিধা করতেন না।’শেখ হাসিনা বিশেষ করে আর্থসামাজিক খাত ও নারীর ক্ষমতায়ন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ এবং আইনের শাসন সুনিশ্চিত করতে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বৃহত্তর জাতীয় স্বার্থে এসব পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডে সহায়তা দানের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।বিশ্ব শান্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে গত শতকে পারমাণবিক বোমা ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কারে বিভিন্ন জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আমি শান্তি বিশ্বাস করি। যেখানে ন্যায়বিচার আছে, সেখানে শান্তি আছে এবং যেখানে ন্যায়বিচার নেই, সেখানে শান্তিও নেই।’অক্সফোর্ডের শিক্ষার্থীদের সাক্ষাৎ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত বৃহস্পতিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় তাঁরা ব্রিটেন এবং বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতির তুলনামূলক দিক নিয়ে আলোচনা করেন।বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, অক্সফোর্ডের বিভিন্ন বিষয়ের শেষ বর্ষের ওই শিক্ষার্থীরা বাংলাদেশের সমসাময়িক ইতিহাস-ঐতিহ্য, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা, বাংলাদেশের রাজনীতি, বিরোধী দলের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, আইনের শাসন নিশ্চিত করা, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাঁদের ধারণা দেন।প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সিদ্দিক, রিজেন্টস পার্কের কাউন্সিলর টিউলিপ সিদ্দিক এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় উপস্থিত ছিলেন।আইএমওর মহাসচিবের সাক্ষাৎ: গতকাল বিকেলে সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএমওর মহাসচিব ইফথিমইস ই মিত্রপুলাস প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর কাছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির নাবিকদের উদ্ধারে তাঁর সহযোগিতা কামনা করেন। গত ৫ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা ২৬ নাবিকসহ এমভি জাহান মণিকে ছিনতাই করে।